সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ০১,সেপ্টেম্বর :: ব্যবসায়িক ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে মঙ্গলবার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটে যৌথ অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম ও খাদ্য সুরক্ষা দপ্তর।
অভিযানে বিভিন্ন দোকানে গিয়ে ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স রয়েছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে উপস্থিত ছিলেন ফুড সেফটি ডিপার্টমেন্ট, শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক এবং ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এসিপি ও অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানের সময় বেশ কয়েকটি দোকানে নথিপত্র পরীক্ষা করা হয়। বিশেষ করে বহু ব্যবসায়ীর কাছে ফুড লাইসেন্স না থাকার বিষয়টি আধিকারিকদের নজরে আসে।
যেসব দোকানে ফুড লাইসেন্স নেই, তাদের ৭ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় ফুড লাইসেন্স তৈরি করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স না করলে পরবর্তীতে আইনানুগ পদক্ষেপ নেওয়া হতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় এদিনের অভিযানে বিষয়টিও গুরুত্ব পায়।
রেগুলেটেড মার্কেটের বিভিন্ন দোকানে প্লাস্টিক ক্যারিব্যাগ মজুত রাখা হয়েছে কি না, তা খতিয়ে দেখেন আধিকারিকরা। যেসব দোকানে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শুধু জরিমানা করেই বিষয়টি শেষ করা হবে না।
জরিমানা দিতে অস্বীকার করলে পরবর্তীতে সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে এফআইআর করা হতে পারে। ফলে একই অভিযানে একদিকে যেমন ফুড লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে, অন্যদিকে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধেও কড়া বার্তা দেওয়া হয়েছে।
এই অভিযানের জেরে রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজারে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত সরকারি অনুমোদন এবং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন বাজার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ফুড লাইসেন্স, ট্রেড লাইসেন্স এবং নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

