নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমানের কালনা শহরে নাবালিকার বাল্যবিবাহের আশঙ্কাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
বাড়িতে জোর করে বিয়ে দেওয়ার চাপ সহ্য করতে না পেরে এক নাবালিকা বাড়ি ছেড়ে পালিয়ে এসে সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার,কালনা ফেরিঘাট এলাকায় অসহায়ভাবে ঘোরাঘুরি করছিল বলে জানা গিয়েছে।
পরে ফেরিঘাট কর্তৃপক্ষের তৎপরতায় তাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফেরিঘাট সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে এক কিশোরীকে একা ও অস্থির অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় কর্মীদের।
জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার ১৮ বছর পূর্ণ হয়নি। পরিবার তার বিয়ের সম্বন্ধ ঠিক করছিল এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিল। সেই কারণেই বাড়ির চাপ সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে বেরিয়ে আসে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে ফেরিঘাট কর্তৃপক্ষ তাকে নিরাপদে আটকে রাখে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
পাশাপাশি বিষয়টি জানানো হয় কালনা থানা পুলিশ-কে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে, নাবালিকার মায়ের দাবি, মেয়ের ইচ্ছার বিরুদ্ধেই বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল এমন নয়।
পরিবারের তরফে জানানো হয়েছে, মেয়ের ভবিষ্যতের কথা ভেবেই তারা সম্বন্ধ দেখছিলেন। তবে মেয়েটি বিষয়টি নিয়ে মানসিক চাপে ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নাবালিকার বয়স সংক্রান্ত নথিপত্র যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে শিশু সুরক্ষা আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি কাউন্সেলিংয়ের ব্যবস্থাও করা হতে পারে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় বাল্যবিবাহ রোধ ও নাবালিকাদের অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী ১৮ বছরের আগে কোনও মেয়ের বিয়ে বৈধ নয় এবং এমন ঘটনা সামনে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

