আদালতের পর এবার পোস্ট অফিসে বোমাতঙ্ক, তল্লাশিতে বোম স্কোয়াড

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: আদালত চত্বরে বোমাতঙ্কের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পোস্ট অফিস ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ-এ একটি পোস্ট অফিসে বোমা থাকার আশঙ্কায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ডাকঘরের ভেতরে একটি সন্দেহজনক বস্তু দেখতে পান কর্মীরা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় কাকদ্বীপ থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে পোস্ট অফিস চত্বর ঘিরে ফেলা হয় এবং সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে ডাকা হয় বোম স্কোয়াডের বিশেষ দলকে । তারা আধুনিক সরঞ্জাম নিয়ে গোটা ভবন এবং আশপাশের এলাকা তল্লাশি শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেশ কিছুক্ষণ ধরে চলে খোঁজখবর ও পরীক্ষা-নিরীক্ষা।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিস্ফোরক জাতীয় কিছু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
আদালতের পর এবার পোস্ট অফিসে বোমাতঙ্ক ছড়ানোয় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে পুলিশ আশ্বাস দিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =