আন্তর্জাতিক শিল্প উৎসবে জমজমাট বারুইপুর টংতলা, দেশ-বিদেশের শিল্পীদের মিলনমেলা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ১৩,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর টংতলা তিন দিনের জন্য যেন পরিণত হয়েছিল এক বর্ণময় শিল্পাঙ্গনে। ‘রবীন্দ্রনাথ টেগর কলা কেন্দ্র’-এর উদ্যোগে এখানে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল ২০২৬।

দেশ-বিদেশের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব ঘিরে উৎসাহ ও উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা এলাকা। তিন দিনব্যাপী এই শিল্প উৎসবে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বহু শিল্পী অংশগ্রহণ করেন। পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল, বাংলাদেশ এবং ভুটান থেকেও শিল্পীরা এই উৎসবে যোগ দেন।বিদেশ থেকে মোট সাতজন শিল্পী অংশগ্রহণ করেন—নেপাল থেকে দুজন, বাংলাদেশ থেকে চারজন এবং ভুটান থেকে একজন। সব মিলিয়ে দেশ ও বিদেশের প্রায় ৫০ জন শিল্পী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নেন। পাশাপাশি প্রতিযোগিতামূলক বিভিন্ন বিভাগে প্রায় পাঁচশো শিল্পী অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ, নৃত্য এবং সঙ্গীতসহ শিল্পের বিভিন্ন ধারার উপস্থাপনায় দর্শকদের সামনে ধরা পড়ে শিল্পের বৈচিত্র্যময় রূপ। প্রতিটি শিল্পীর তুলির টান, রঙের ব্যবহার এবং মাটির ছোঁয়ায় টংতলা এলাকা যেন এক জীবন্ত শিল্প প্রদর্শনীতে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শিল্পপ্রেমী মানুষজন ভিড় জমিয়ে উপভোগ করেন এই অনন্য আয়োজন।

উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নারায়ণ দাস এবং শিল্পী রণজিৎ কুমার রাও। তারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বারুইপুরে এমন শৈল্পিক আয়োজন স্থানীয় শিল্পানুরাগীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 10 =