সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: সুন্দরবনের জঙ্গল লাগোয়া খাঁড়িতে কাঁকড়া ধরার সময় আবারও দক্ষিণ রায়ের কবলে পড়ল এক কাঁকড়া শিকারী । নিখোঁজ ওই ব্যক্তির নাম প্রদীপ মন্ডল (৩৫) ।
বাড়ি গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার অন্তর্গত সাতজেলিয়া পঞ্চায়েতের সুকুমারী উত্তর পাড়া গ্রামে ।
ঘটনাটি ঘটেছে সুন্দরবনের চামটা জঙ্গল সংলগ্ন নদীখাড়ি এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, প্রদীপ মন্ডল মঙ্গলবার প্রতিবেশী সন্তোষ মন্ডল ও দুঃখীরাম মন্ডল দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবনের গহীণ জঙ্গলের খাড়িতে গিয়েছিলেন কাঁকড়া ধরতে।
বুধবার দুপুরের পর তারা চামটা জঙ্গল লাগোয়া খাঁড়িতে কাঁকড়া ধরার দোন ফেলছিলেন আপনমনে। সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে ও সুযোগ বুঝে পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে প্রদীপের ঘাড়ের উপর ।
তাকে টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশে থাকা দুই সঙ্গী আক্রান্তকে বাঁচাতে নৌকার দাঁড় আর গাছের ডাল নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে।
দীর্ঘ প্রায় একঘন্টা ধরে চলে বাঘে মানুষের অসম লড়াই। যদিও বাঘ তার শিকার ছাড়তে নারাজ। বার বার হুঙ্কার দিতে থাকে । দুই সঙ্গীর উপর আক্রমণ করার জন্যও ঝাঁপিয়ে পড়ে। অগত্যা বেগতিক বুঝে রণে ভঙ্গ দেয় সঙ্গী দুজন । বাঘ তার শিকার নিয়ে গহীন জঙ্গলে চলে যায়।
সঙ্গীরা নৌকায় উঠে পড়ে। দাঁড় বেয়ে রাতেই গ্রামের ঘাটে ফিরে আসে। খবর দেয় আক্রান্ত মৎস্যজীবির পরিবারে। ঘটনার খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবার। অন্যদিকে তাকে উদ্ধারের জন্য গ্রাম থেকে লোকজন ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন ।
বাড়িতে নিখোঁজ প্রদীপের অন্তঃস্বত্বা স্ত্রী ববিতা বর্মন শোকে স্তব্ধ অবস্থায় । তাকে সান্ত্বনা দিতে এলাকার মানুষ ভিড় করেছে সকাল থেকে তার বাড়িতে ।

