নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: ঈদের কেনাকাটা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। বুধবার রাতে শিয়ালদা-ডায়মন্ড হারবার আপ লোকাল ট্রেনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। আহত যুবকের নাম মোকারাম, বাড়ি বাসুলডাঙ্গা এলাকায় বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ঈদ উপলক্ষে বাজার করতে মোকারাম মগরাহাটের দিকে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনের ভিড়ের কারণে তিনি দরজার কাছে ঝুলে ছিলেন।
ঠিক সেই সময় বাহিরপুয়া ও মগরাহাট রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় অসাবধানতা বশত ট্রেনের পাশের ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা লাগে তাঁর শরীরে।
ধাক্কার তীব্রতায় তিনি গুরুতরভাবে জখম হন এবং ট্রেনের মধ্যেই লুটিয়ে পড়েন। ঘটনার পর ট্রেনে থাকা নিত্যযাত্রীরা দ্রুত তৎপরতা দেখান। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে দ্রুত ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন।
বর্তমানে ওই যুবকের শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যাত্রীদের একাংশের অভিযোগ, লোকাল ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারনে প্রায়ই যাত্রীদের জীবনের ঝুঁকি নিতে হয়।
দরজার কাছে দাঁড়িয়ে বা ঝুলে যাত্রা করা এখন নিত্যদিনের ছবি, যা থেকে এমন দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই ঘটনায় ফের একবার রেল নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

