নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: গিঁটে বোম ফাটানোর আনন্দ মুহূর্তেই রূপ নিল বিভীষিকায়। বর্ধমানে গিঁটে বোম ফাটাতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ল এক শিশু। বাড়ি পূর্ব বর্ধমান জেলার বেলকাশ অঞ্চলের ঢোলনা-য়।
আচমকা বিস্ফোরণে শিশুটির মুখের সামনের অংশ মারাত্মকভাবে ঝলসে গিয়েছে। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে আতঙ্ক। পরিবার সূত্রে জানা যায়, আনুমানিক ৬ থেকে ৭ বছর বয়সী ওই শিশুটি বাজি ফাটাচ্ছিল।
একটি বাজি ফাটেনি বলে সেটি দেখতে সামনে এগিয়ে যায় সে। ঠিক সেই মুহূর্তেই আচমকা বিকট শব্দে বাজিটি ফেটে যায়।
বিস্ফোরণের তীব্রতায় শিশুটির মুখের সামনের অংশে গুরুতর দগ্ধ হয়। হঠাৎ এই ঘটনায় হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা ও আশপাশের মানুষজন।
রক্তাক্ত ও যন্ত্রণায় কাতর শিশুটিকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন। চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে প্রয়োজনীয় চিকিৎসা।
এই মর্মান্তিক ঘটনায় আবারও প্রশ্ন উঠল শিশুদের হাতে বিপজ্জনক বাজি তুলে দেওয়া নিয়ে। আনন্দের উৎসব কীভাবে এক মুহূর্তে মৃত্যুভয়ের কারণ হয়ে উঠতে পারে, তারই নির্মম উদাহরণ এই দুর্ঘটনা।

