এগরায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পথে নামল ভারতীয় জনতা পার্টি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: মঙ্গলবার ২৪,মার্চ :: পূর্ব মেদিনীপুরের এগরায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠল এলাকা। ঘটনার চার দিন পরেও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিকেলে এগরায় পথে নামল ভারতীয় জনতা পার্টি।

এগরার বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে এদিন একটি বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। প্রসঙ্গত ​গত ১৮ই মার্চ সন্ধ্যায় এগরা ১ ব্লকের জেড়থান এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযোগ, ওইদিন সন্ধ্যায় নবম শ্রেণীর এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তিন যুবক।

পরিবারের পক্ষ থেকে থানায় গণধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ। ​এগরার শ্মশানকালী মন্দির প্রাঙ্গণ থেকে বিজেপির এই প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি প্রার্থী দিব্যেন্দু অধিকারী।

মিছিলটি এগরার বিভিন্ন পথ পরিক্রমা করে থানার সামনে এসে পৌঁছায়। সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর পুলিশের কাছে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ​

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে দিব্যেন্দু অধিকারী রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

তিনি দাবি করেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করছে শাসক দল ।​ এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এই ঘটনায় অভিযুক্তদের মদত দিচ্ছেন। ​অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের অবিলম্বে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =