সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ নম্বর ব্লকে ভোটার তালিকা নিয়ে বিতর্ককে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়াল। ‘
এসআইআর’ প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি এবং প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়ল সিপিএম।
বুধবার মগরাহাট ২ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) দপ্তর ঘেরাও করে ডেপুটেশন জমা দিল সিপিএমের কয়েক হাজার কর্মী-সমর্থক। দলীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মগরাহাট ২ নম্বর ব্লকের একাধিক এলাকায় বহু প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
অভিযোগ, ‘এসআইআর’-এর নামে বাড়ি বাড়ি যাচাইয়ের সময় সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই সঠিক নথি থাকা সত্ত্বেও ভোটারদের নাম বাদ পড়ছে বলে দাবি সিপিএম নেতৃত্বের।
এই ঘটনার প্রতিবাদে এদিন সকাল থেকেই বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে সিপিএম কর্মী-সমর্থকেরা মগরাহাট ২ নম্বর ব্লক অফিসের সামনে জড়ো হন। লাল পতাকায় ছেয়ে যায় গোটা এলাকা।
বিক্ষোভকারীরা ‘গণতন্ত্র বাঁচাও’, ‘ভোটার তালিকা সংশোধন করো’, ‘হয়রানি বন্ধ করো’—এইসব স্লোগানে উদ্বেলিত করে তোলেন এলাকা। পরে বিডিও অফিস ঘেরাও করে তাঁদের দাবিপত্র জমা দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী চন্দন সাহা।

