নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কালিয়াচক :: রবিবার ১,ফেব্রুয়ারি :: এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে শনিবার কালিয়াচক এক ব্লকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। কালিয়াচক এক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারিউল শেখ নিজে সাত হাজারেরও বেশি সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নিজের হেয়ারিং সম্পন্ন করেন।
এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব হন তিনি। সারিউল শেখ অভিযোগ করেন, শুধুমাত্র কালিয়াচক এক ব্লকেই এখন পর্যন্ত এক লক্ষ ৫৩ হাজার ১২৪ জন ভোটারকে হেয়ারিং-এর নোটিশ পাঠানো হয়েছে।
এর মধ্যে শনিবার পর্যন্ত ৮৬ হাজার ২৮৮ জনের হেয়ারিং সম্পন্ন হয়েছে, এখনও বাকি রয়েছেন ৬৬ হাজার ৮৩৬ জন।
তাঁর দাবি, এসআইআর-এর নামে মহিলা, বৃদ্ধ-বৃদ্ধা, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে অমানবিকভাবে হয়রানি করা হচ্ছে। ব্লক সভাপতির আরও অভিযোগ, এতদিন মানুষ মনে করত নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়ে উঠছে যে বিজেপি নিজেদের রাজনৈতিক স্বার্থে নির্বাচন কমিশনকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করছে। তৃণমূল নেতৃত্বের দাবি, এইভাবে ভোটারদের হয়রানি বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।
