করণদিঘীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাইক দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের, গুরুতর আহত দুই

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করণদিঘি :: শুক্রবার ১৩,মার্চ :: করণদিঘী থানার সালিহানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার লাহুতারা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সালিহান এলাকায় বোতলবাড়ী রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকাল ৭ টার সময় তিনজন যুবক একটি বাইকে করে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে রসাখোয়ার দিকে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা এসে দেখেন একটি বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার উপর পড়ে রয়েছে এবং তিনজন যুবক গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। মৃত যুবকের নাম সাবির, তার বাড়ি লাহুতারা গ্রাম পঞ্চায়েতের তেলিয়ান এলাকায়।

অন্যদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় হুসেইন ও ফারুক নামে দুই যুবককে। তাদের বাড়ি নিমডাঙ্গি গ্রামে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।

এদিকে মৃতদেহটি প্রথমে করণদিঘী গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় এবং পরে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতির কারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

ঘটনার খবর পেয়ে রসাখোয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =