কাজের মধ্যেই মৃত্যু – ছাদ ধসে প্রাণ গেল ময়লা পরিষ্কারকর্মীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলী :: শনিবার ৭,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার কুলতলী ব্লকে ময়লা পরিষ্কার করতে গিয়ে ছাদ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। শনিবার ঘটনাটি ঘটে কুলতলীর কুন্দখালি গোদাবর অঞ্চলের অম্বিকানগর কেল্লা পিয়ালী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তি জয়দেব হালদার (৫২) প্রতিদিনের মতো এদিনও ওই এলাকায় পরিষ্কারের কাজ করতে যান। তিনি পেশায় বাথরুম ও নিকাশি পরিষ্কারের শ্রমিক ছিলেন। প্রতিদিন বিভিন্ন বাড়ি ও এলাকায় গিয়ে ময়লা ও বাথরুম পরিষ্কারের কাজ করেই সংসার চালাতেন।শনিবার সকালে অম্বিকানগর কেল্লা পিয়ালী এলাকার একটি জায়গায় পরিষ্কারের কাজ করছিলেন জয়দেব হালদার। সেই সময় আচমকাই বাথরুমের ছাদের একটি অংশ ভেঙে তার উপর পড়ে যায়। ছাদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর জখম হন তিনি।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত জয়নগর-কুলতলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হঠাৎ এমন দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় হতবাক হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও।

মৃত জয়দেব হালদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার গোড়েরহাটের পালপাড়া এলাকায়। পরিবারে রয়েছেন তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিজনেরা। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের পরিষ্কারের কাজ করে সংসার চালাতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =