নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: রবিবার ৮,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় ঘোষেশ্বরতলা শিবমন্দির সংলগ্ন মাঠে রবিবার অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সভা’।
এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি সভায় যোগ দেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার পর্যবেক্ষক বীরভূমের দুধকুমার মণ্ডল, কাটোয়ার সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভানেত্রী সীমা ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, কাটোয়া বিধানসভার ইনচার্জ অশোক রায় সহ জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী।সভা ঘিরে এলাকায় বিজেপি সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় সূত্রে জানা যায়, এই সভা শেষ করে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কাটোয়া থেকে দাঁইহাট হয়ে কালনার উদ্দেশ্যে রওনা দেয়।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার।
রাষ্ট্রপতিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সেই পদে অধিষ্ঠিত ব্যক্তিকে অপমান করা অত্যন্ত নিন্দনীয়।
তাঁর বক্তব্য, “যদি পদবী অন্য কিছু হত, তাহলে হয়তো এই ধরনের আচরণ করা হত না। শুধুমাত্র তিনি আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় তাঁকে অপমান করা হয়েছে”।

