কেজি ৪০ টাকায় বাও কুল ! রেকর্ড দামে হাসি ফুটল সরডাঙ্গার কুল চাষিদের মুখে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: রেকর্ড ফলন, সঙ্গে চড়া বাজারদর—দুইয়ে মিলিয়ে খুশির হাওয়া পূর্বস্থলী কালেকাতলা–১ গ্রাম পঞ্চায়েতের সরডাঙ্গা গ্রামে।

এ বছর কুল চাষে সাফল্যে উচ্ছ্বসিত এলাকার কৃষকরা। স্থানীয় পাইকারি আড়ত থেকে ট্রাক বোঝাই কুল পাড়ি দিচ্ছে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জেলায়।

এবার বাও কুল, ভারত সুন্দরী, তাইওয়ান, নূরানী ও বল কুলের উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণে। পাইকারি বাজারে বাও কুল ও ভারত সুন্দরীর দাম উঠেছে কেজি প্রতি ৪০ টাকা পর্যন্ত।

বল কুল বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৫ টাকায়। অন্যান্য প্রজাতির কুলের দরও সন্তোষজনক বলেই জানাচ্ছেন চাষিরা।

গত ১০–১২ বছর ধরে উন্নত প্রজাতির কুল চাষ করছেন সরডাঙ্গার কৃষকরা। পরিশ্রম ও আধুনিক চাষপদ্ধতির সুফল মিলেছে এ বছর। ফলন যেমন বেশি, তেমনই বাজারদরও ভালো—ফলে লাভের মুখ দেখছেন অনেকেই।

মৃত্যুঞ্জয় দাস নামে এক চাষি প্রায় ১৫ বিঘা জমিতে কুল চাষ করেছেন। তাঁর কথায়, “এ বছর ফলন ভালো হয়েছে, দামও মিলছে। খরচ উঠে লাভ থাকছে।” এখন গোটা মাঠ জুড়ে পাকা কুল তুলতে ব্যস্ত শ্রমিকরা।

চাষিদের আশা, আগামী বছর আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর স্থিতিশীল থাকলে সরডাঙ্গায় কুল চাষের পরিধি আরও বাড়বে। আপাতত রেকর্ড দামে হাসি ফুটেছে গ্রামের কৃষকদের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =