কোটি টাকার জমি হাতাতে জাল নথি – দু’লক্ষ টাকায় বানানো কাগজে ফাঁস নবদ্বীপে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: সোমবার ২৩,ফেব্রুয়ারি :: নবদ্বীপে বিএলআরও দপ্তরে জাল নথি জমা দিয়ে মিউটেশন করানোর চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হলেন অসীম নাথ নামে এক ব্যক্তি।

বুধবার ব্লক অফিস সংলগ্ন ভূমি দপ্তরে মিউটেশন হিয়ারিং চলাকালীন তিনি ওয়ারিশন সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেট জমা দেন। নথি যাচাই করতে গিয়ে আধিকারিকদের সন্দেহ হয়। খতিয়ে দেখে জানা যায়, দুটি নথিই জাল। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বিএলআরও অফিসারের অভিযোগ, সংশ্লিষ্ট সম্পত্তির নমিনি ছিল নবদ্বীপ মিউনিসিপালিটি। অথচ অভিযুক্ত কৃষ্ণনগর মিউনিসিপালিটির নামে জাল ডেথ সার্টিফিকেট এবং মাজদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের নামে জাল ওয়ারিশন সার্টিফিকেট তৈরি করান।

প্রায় এক কোটি টাকার সম্পত্তি হাতানোর উদ্দেশ্যেই এই চেষ্টা বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ দপ্তরে পৌঁছে অসীম নাথকে আটক করে। পরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

অভিযুক্ত দাবি করেছেন, দু’লক্ষ টাকার বিনিময়ে নবদ্বীপের কুটিরপাড়া এলাকার গোপাল দেবনাথ নামে এক ব্যক্তির মাধ্যমে নথিগুলি তৈরি করিয়েছিলেন তিনি। তবে ভূমি দপ্তরের কোনও কর্মী এই চক্রে যুক্ত নন বলেও দাবি তাঁর।

অভিযুক্তকে গ্রেপ্তারের পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ভূমি দপ্তরের নথি যাচাই প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + one =