নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: শুক্রবার ২০,মার্চ :: দুদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ফাঁকা মাঠ থেকে উদ্ধার হল এক তরুণের মৃতদেহ।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গরুহাটা এলাকায়। মৃত ওই তরুণের নাম তাপস মণ্ডল (৩১) বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, তাপস পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং কাজের সূত্রে আসামে থাকতেন। কয়েকদিন আগে তিনি নিজের বাড়ি মগরাহাটে ফিরে আসেন।
পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই তাপস স্থানীয় কিছু বন্ধুদের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়েন। এই বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
পরিবারের দাবি, কয়েকদিন আগে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে যান তাপস। এরপর আর বাড়ি ফেরেননি। বহু খোঁজাখুঁজির পরও তাঁর কোনও হদিশ না মেলায় পরিবারের পক্ষ থেকে মগরাহাট পুলিশ স্টেশন এ একটি লিখিত নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশও বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়, কিন্তু তাঁর সন্ধান পাওয়া যায়নি।অবশেষে শুক্রবার গরুহাটা এলাকার একটি ফাঁকা মাঠ থেকে তাপসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, তাপসের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় দেহটি পড়ে ছিল, যা দেখে তাঁদের সন্দেহ এটি একটি পরিকল্পিত খুনের ঘটনা
তাপসের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই মগরাহাট থানার পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

