নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ২৯,মার্চ :: গুরুংবস্তির ঘটনায় নাবালিকা কিশোরীর রহস্যমৃত্যুকে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে মূল অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলিকে গ্রেফতার করল পুলিশ।
প্রায় ২৫০০ কিলোমিটার দূরে ভিন রাজ্যে পালিয়ে থাকার পর তাকে পাকড়াও করা হয়।এই ঘটনাকে কেন্দ্র করে আজ শিলিগুড়িতে ধর্না মঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।
তিনি জানান, পুলিশের পক্ষ থেকে বিস্তারিত সাংবাদিক বৈঠক হওয়ার পর তিনি আবারও বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাবেন।
শঙ্কর ঘোষ শহরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই আন্দোলনে পাশে থাকার জন্য সাধারণ মানুষ যেমন ভূমিকা নিয়েছেন, তেমনই বিজেপির নেতৃত্বও সহযোগিতা করেছেন।
তিনি ধর্না মঞ্চ থেকেই বঙ্গীয় হিন্দু মহামঞ্চের ডাকা আগামীকালের বনধ প্রত্যাহারের আবেদন জানান, কারণ অভিযুক্ত গ্রেফতার হওয়ায় পরিস্থিতি এখন অন্য দিকে এগোচ্ছে।
তিনি আরও বলেন, গত পাঁচ দিন ধরে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেননি। তার মতে, নির্বাচনের প্রচারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল মৃত কিশোরীর পরিবারের পাশে দাঁড়ানো এবং দোষীর শাস্তি নিশ্চিত করা।
এদিন তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। শঙ্কর ঘোষের দাবি, এতদিন পর অভিযুক্তকে গ্রেফতার করা নিয়ে তিনি আশাবাদী ছিলেন না।
পাশাপাশি, তিনি অভিযোগ করেন যে কিছু রাজনৈতিক চাপের কারণেই অভিযুক্তকে ধরতে দেরি হয়েছে। তবে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

