নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলের জল্পনা-কল্পনার মাঝেই সামনে এল এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে কি তবে একসঙ্গে পথ চলার ইঙ্গিত? সেই প্রশ্নেরই জবাব মিলল বুধবার রাতে।
রাত প্রায় ৮টা নাগাদ চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে পৌঁছন নবনিযুক্ত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। দীর্ঘ সময় ধরে দু’জনের মধ্যে একান্ত আলোচনা হয়। এরপর একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু’জনেই ঐক্যের বার্তা দেন।
অসিত মজুমদার জানান, “দেবাংশু আমার পুত্রতুল্য। ও নিজে এসে আমাকে পাশে থাকার জন্য অনুরোধ করেছে। আমি ওর পাশে আছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কর্মীদের সঙ্গে আলোচনা করেই নেব।”
অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য বলেন, “অসিতবাবু আমার পিতৃতুল্য। চুঁচুড়াকে আমি ওনার হাত ধরেই আরও ভালোভাবে চিনতে চাই। উনি তিনবারের বিধায়ক, এই শহরের রাজনীতি ওনার হাতেই গড়া। তাই ওনাকেই আমি অভিভাবক হিসেবে চাই।”
এদিনের বক্তব্যে অসিত মজুমদার আরও বলেন, “দেবাংশুর মাথার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে আমার নাম না থাকলেও চলবে।”
তবে এর পাল্টা দেবাংশু স্পষ্ট করে দেন, “দলের শীর্ষ নেতৃত্ব থাকলেও চুঁচুড়ার অভিভাবক হিসেবে আমি অসিত মজুমদারকেই চাই।”
সব মিলিয়ে, দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে ঐক্যের বার্তা স্পষ্ট। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই সমীকরণ যে বড় প্রভাব ফেলতে চলেছে, তা বলাই বাহুল্য।

