নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ১৫,ফেব্রুয়ারি :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘যুব সাথী’ প্রকল্পের আওতায় চুঁচুড়া বিধানসভায় আজ থেকে শুরু হলো বিশেষ ক্যাম্প। আগামী দশ দিন ধরে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট চারটি স্থানে এই ক্যাম্প চলবে বলে জানানো হয়েছে।
আজ চুঁচুড়া শহরের রবীন্দ্রভবন–এ আয়োজিত ক্যাম্পে হুগলি–চুঁচুড়া পৌরসভা এলাকার বহু যুবক–যুবতী উপস্থিত হয়ে ‘যুব সাথী’ প্রকল্পের ফর্ম পূরণ করেন। ক্যাম্পে সরেজমিনে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়ার তদারকি করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
তিনি জানান, শুধু ‘যুব সাথী’ নয়, ‘লক্ষ্মীর ভান্ডার’ সহ রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের ফর্মও এই ক্যাম্প থেকে সংগ্রহ ও জমা দেওয়া যাবে। বিধায়ক অসিত মজুমদার বলেন, আগামী দশ দিন ধরে এই ক্যাম্প চলবে যাতে এলাকার সমস্ত যোগ্য যুবক–যুবতী সহজেই আবেদন করতে পারেন।
আবেদনকারীদের আধার কার্ড, ভোটার কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি ও সক্রিয় মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় নথি জমা দিতে হচ্ছে।
ক্যাম্পে আবেদন করার সুযোগ পেয়ে খুশি এলাকার যুবক–যুবতীরা। তাঁদের মতে, এমন উদ্যোগ কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে এবং ভবিষ্যতে স্বনির্ভরতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

