চুঁচুড়া সদর হাসপাতালে ঠিকা কর্মীদের বিক্ষোভ, বিধায়কের আশ্বাসে সাময়িক স্থগিত আন্দোলন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২৮,ফেব্রুয়ারি :: চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল-এ অস্থায়ী ঠিকা কর্মীদের দ্বিতীয় দিনের অবস্থান বিক্ষোভে সাময়িক স্বস্তি মিলল বিধায়কের আশ্বাসে।

দীর্ঘদিন ধরে কর্মরত এক সিকিউরিটি সুপারভাইজার ও পাঁচজন হাউসকিপিং কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগে সহকর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন।

র্মীদের দাবি, ঠিকাদার বদলের পর থেকেই হঠাৎ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং কোনও স্পষ্ট কারণ ছাড়াই তাঁদের কাজে বিরতি দেওয়া হয়েছে। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন।

এদিন হাসপাতালের সুপার অম্মিতেন্দু পাল, অতিরিক্ত সুপার এবং আইএনটিটিইউসি-র সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। বিধায়ক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং পাঁচ দিনের মধ্যে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তাঁর আশ্বাসের ভিত্তিতেই আপাতত আন্দোলন স্থগিত রেখেছেন অস্থায়ী কর্মীরা। তবে দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 4 =