নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুরুলিয়া :: শুক্রবার ১৩,মার্চ :: জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ায় একটি খোলা মুখ খনিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ, স্থানীয় ফকিরপাড়ার কয়েকজন দুষ্কৃতী প্রথমে চুরুলিয়া মেইন রোড অবরোধ করে দেয়। পরে তারা চুরুলিয়া হাটতলা এলাকায় এসে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে ভাঙচুর চালায়।
ঘটনার খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই সময় এলাকায় প্রচুর মানুষের ভিড় থাকায় পুলিশ তৎক্ষণাৎ পরিস্থিতি সামাল দিতে পারেনি।
অভিযোগ, সেই সময় পার্টি অফিস লক্ষ্য করে ব্যাপক ঢিল-পাথর ছোড়া হয় এবং অফিসের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়।
এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি কয়েকটি মোটরসাইকেল ও একটি চারচাকা গাড়িতেও ভাঙচুর চালানো হয়।
এদিকে ঘটনার কিছুক্ষণ পর খোলা মুখ খনির সাইট ইনচার্জ বিকাশ দত্ত ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে হামলা চালায় বলে অভিযোগ। তাকে মারধর করা হয় এবং তার গাড়িতেও ভাঙচুর করা হয়।
ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা ও একজন অঞ্চল সভাপতিও আহত হয়েছেন বলে খবর। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

