জনবহুল এলাকায়, দিনের আলোয় নিজের চেম্বারের ভিতর খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: বর্ধমান শহরের বাদামতলায় প্রকাশ্য দিবালোকে ভয়ংকর এক খুনের ঘটনায় স্তব্ধ শহর। জনবহুল এলাকায়, দিনের আলোয় নিজের চেম্বারের ভিতর খুন হলেন এক অর্থোপেডিক চিকিৎসক। এই ঘটনাকে ঘিরে গোটা শহরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত চিকিৎসকের নাম রাজা ভৌমিক । বাড়ি বাবুরবাগ কালিতলা এলাকায় । তিনি একজন পরিচিত অর্থোপেডিক প্র্যাকটিশনার এবং দীর্ঘদিন ধরে বাদামতলা এলাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছিলেন।এদিনও চেম্বারে একাই ছিলেন তিনি। সেই সময়ই অভিযুক্ত ব্যক্তি চেম্বারে ঢুকে তাঁর উপর হামলা চালায় ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম জীবন রুইদাস । তার বাড়ি শক্তিগড় থানার আমড়া এলাকায়। ঘটনার পর অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

দিনের বেলা, ব্যস্ত শহরের মধ্যে—যেখানে ঢিল ছোড়া দূরত্বেই পুলিশ সুপারের কার্যালয়—সেই এলাকায় এই ধরনের খুনের ঘটনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক মহলেও তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

নিহত চিকিৎসকের ভাই রকি ভৌমিক মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানান। তিনি বলেন,“আমি পার্সেল ডেলিভারির কাজ করি।

কাজের মধ্যেই বাড়ি থেকে ফোন আসে—জানানো হয় দাদা মারা গেছে, দাদাকে খুন করা হয়েছে। থানায় গেলে আইসি সাহেব জানান, সম্ভবত চিকিৎসা সংক্রান্ত কোনও বিষয় থেকেই এই ঘটনা ঘটেছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =