জমি বিবাদে দোকান ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ, অভিযুক্ত সিভিক।আতঙ্কে গ্রামছাড়া পরিবার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মঙ্গলকোট :: মঙ্গলবার ১০,মার্চ :: জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদের জেরে দোকান ঘরে ভাঙচুর ও লুঠপাটের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার কুলসুনা গ্রামে।

ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারের নাম জড়িয়েছে বলে অভিযোগ। ঘটনার পর থেকে আতঙ্কে গ্রামছাড়া হয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। যদিও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলসুনা গ্রামের বাসিন্দা আব্দুস সালাম মল্লিক, তাঁর ভাই আলমগীর মল্লিক এবং বোন সাকিলা বেগমের বাড়ির সামনে প্রায় দেড় কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ওই জমির উপর একটি দোকান ঘর রয়েছে, যেখানে প্রায় ১৫ বছর ধরে কাপড়ের ব্যবসা চালিয়ে আসছিলেন সাকিলা বেগম। অভিযোগ, ওই জমির মালিকানা নিয়ে আত্মীয় সরিফুল ইসলাম মল্লিকদের সঙ্গে বিবাদ চরমে ওঠে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

গত বছর এই নিয়ে মামলা দায়ের করা হয়। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই দোকান চালিয়ে আসছিলেন সাকিলা বেগম ও তাঁর পরিবার।

পরিবারের অভিযোগ, গত সপ্তাহে পেশায় সিভিক ভলেন্টিয়ার সরিফুল ইসলাম মল্লিক, আত্মীয় রেজাউল মল্লিকসহ কয়েকজনকে নিয়ে হঠাৎ দোকানে হামলা চালায়।

দোকানঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি নগদ টাকা ও একটি সেলাই মেশিন লুঠ করা হয় বলে দাবি পরিবারের। ঘটনার কিছু অংশ দোকানের সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে বলে জানিয়েছেন তাঁরা।

অভিযোগ আরও, গত ২ মার্চ সন্ধ্যায় ফের দোকানে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে ৬ মার্চ আব্দুস সালাম মল্লিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনার পর থেকেই আতঙ্কে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন আব্দুস সালাম মল্লিক, তাঁর ভাই আলমগীর মল্লিক ও বোন সাকিলা বেগম।

তাঁদের অভিযোগ, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সরিফুল ইসলাম মল্লিক প্রভাব খাটিয়ে লাগাতার হুমকি দিচ্ছে। নিরাপদে গ্রামে ফিরে বসবাসের সুযোগ এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =