জলে ডুবে আলু, মাঠে নামল কৃষকের লড়াই — বাঁচাতে হাঁটু জলে সংগ্রাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: শনিবার ২১,মার্চ :: মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ১৮৬ নম্বর গোপালপুর কামাত (কামনির চিতা) এলাকায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

টানা কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির ফলে মাঠের পর মাঠ জলমগ্ন হয়ে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলুর চাষ। মাঠের দিকে তাকালে মনে হবে যেন কেউ মাছ ধরছে—কিন্তু বাস্তবে কৃষকেরা হাঁটু সমান জলে নেমে আলু তুলছেন। একদিকে ফসল বাঁচানোর শেষ চেষ্টা, অন্যদিকে চোখে মুখে হতাশার ছাপ।

স্থানীয় কৃষকদের দাবি, ইতিমধ্যেই বিপুল পরিমাণ আলু জলে পচে নষ্ট হয়ে গেছে। তবুও যতটুকু সম্ভব উদ্ধার করতে জীবন বাজি রেখে মাঠে নামতে হচ্ছে। শুধু আলুই নয়, তামাক ও ভুট্টা সহ প্রায় সব ধরনের ফসলই এই প্রতিকূল আবহাওয়ার ধাক্কায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

ফলে চাষিদের আর্থিক ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা না পেলে এই ক্ষতির ধাক্কা সামলানো কঠিন হয়ে পড়বে। এখনই ক্ষতিপূরণ ও সহায়তার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =