জাতীয় সড়ক ১৯-এ রাণীগঞ্জের কাছে চলন্ত সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড, অল্পের জন্য প্রাণরক্ষা যাত্রীদের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রানীগঞ্জ :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: জাতীয় সড়ক নম্বর ১৯-এ রাণীগঞ্জের কাছে চলন্ত একটি সরকারি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। তবে বাসে থাকা সমস্ত যাত্রী কোনওরকমে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় এক বাসিন্দা রাণীগঞ্জের পাঞ্জাবি মোড় পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান এবং একই সঙ্গে দমকল বিভাগকেও খবর দেওয়া হয়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকল বিভাগের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর থেকে বাসের চালক, যিনি ঘটনার সময় বাসের ভিতরেই ছিলেন, তিনি পলাতক রয়েছেন। এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। অগ্নিকাণ্ডে এসবিএসটিসি (SBSTC)-র বাসটি সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়।

আগুন লাগার পর জাতীয় সড়কের একাংশে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়। পুলিশ বাসটিকে রাস্তার একপাশে সরিয়ে রেখে বাকি যানবাহনগুলিকে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করে। পরে পুলিশি তৎপরতায় সমস্ত অবরোধ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট-সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, এসবিএসটিসি-র এই বাসটি দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 19 =