নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: রবিবার ১,ফেব্রুয়ারি :: জামুড়িয়া শহরে ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চরম আতঙ্ক ছড়াল। শনিবার গভীর রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বোগড়া চট্টি মোড় এলাকায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান। এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন একাধিক স্থানীয় ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত আনুমানিক বারোটা নাগাদ ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন জাতীয় সড়কের পাশে হঠাৎই একটি দোকান থেকে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা অন্যান্য দোকানেও। আগুনের লেলিহান শিখায় গোটা এলাকা ঢেকে যায় আতঙ্কে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। পরে আগুন নেভানোর কাজে হাত লাগায় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এই অগ্নিকাণ্ডে দোকানগুলির ভেতরে থাকা নগদ টাকা, আসবাবপত্র ও মালপত্র সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠে আসলেও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

