নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: জামুড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের হাটতলা এলাকায় সাবান ফ্যাক্টরি গলিতে অবস্থিত ব্যবসায়ী রাজেশ বানসালের বাড়িতে এই মুহূর্তে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বিশেষ অভিযান।
সূত্রের খবর, ইডির প্রায় ১৬ জন আধিকারিকের একটি দল তিনটি গাড়িতে করে আজ সকাল সাড়ে ছটা নাগাদ রাজেশ বানসালের বাড়িতে পৌঁছায়। অভিযানের সময় সিআইএসএফের কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। বর্তমানে ইডির ১৩ জনের একটি টিম বাড়ির ভিতরে জোরদার তল্লাশি চালাচ্ছেন।
জানা গেছে, রাজেশ বানসাল ওই এলাকায় হার্ডওয়্যার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি রানীগঞ্জ এলাকাতেও তাঁর হার্ডওয়্যারের ব্যবসা রয়েছে।
ইডি সূত্রে জানা যাচ্ছে, পূর্বে খনি অঞ্চলের বিভিন্ন কাজের সঙ্গে এই ব্যক্তি যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখার পাশাপাশি তাঁর নামে কোনও হিসাব বহির্ভূত আর্থিক লেনদেন হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
এই অভিযানের জেরে হাটতলা ও সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও অভিযানের প্রকৃত কারণ এবং তদন্তের পরিধি নিয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

