জীবনের ঝুঁকি নিয়েই রোজগার, সুন্দরবনের বাঘের থাবায় স্তব্ধ এক সংসার

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ১৮,ফেব্রুয়ারি :: ফের বাঘের হানায় প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)।

তিনি গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈধ অনুমতি নিয়েই এদিন জঙ্গলে প্রবেশ করেছিলেন রামপদ ও তাঁর সঙ্গীরা। সুন্দরবনের গভীর অরণ্যে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। আকস্মিক হামলায় গুরুতর জখম হন রামপদ।

সঙ্গে থাকা অন্য মৎস্যজীবীরা প্রাণপণ লড়াই করে বাঘটিকে তাড়িয়ে দেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৌকায় তুলে আনেন। দ্রুত গ্রামে ফিরিয়ে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানা-র পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ও পারমিট নিয়েই তাঁরা কাঁকড়া ধরতে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =