ঝাড়গ্রামে পথশ্রীর রাস্তায় দুর্নীতির অভিযোগে পথ অবরোধ, কাজ বন্ধ করালেন গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: মঙ্গলবার ২৪,ফেব্রুয়ারি :: সরকারি উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও গুণমান নিয়ে প্রশ্ন উঠল ঝাড়গ্রামে। কয়েক কোটি টাকার রাস্তা নির্মাণকে ঘিরে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা।

ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েত ও চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি বৃন্দাবনপুর ক্যানেল পাড় থেকে চন্দ্রী পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্প-এর আওতায় নির্মাণ করা হচ্ছে।প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ এই রাস্তার কাজের মান নিয়ে সরব হন গ্রামবাসীরা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে তাঁরা পথ অবরোধ করে নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার নির্ধারিত চওড়া ও গভীরতা বজায় রাখা হচ্ছে না। পর্যাপ্ত বালি ব্যবহার করা হচ্ছে না বলেও দাবি তাঁদের। এত বড় অঙ্কের প্রকল্পে এভাবে নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী।

তাঁদের বক্তব্য, ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে স্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত কাজ শুরু করতে দেওয়া হবে না। অন্যদিকে, ঠিকাদার সংস্থার তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করা হচ্ছে এবং অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তবে তিন কোটি টাকার এই প্রকল্পে কাজের মান নিয়ে প্রশ্ন উঠতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।গ্রামবাসীদের দাবি, প্রকল্পের কাজের নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =