টিকিট না পেয়ে ক্ষোভ, অবশেষে ‘দিদির ফোনে’ মন গলল খগেশ্বরের — তৃণমূলেই থাকার ঘোষণা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শুক্রবার ২০,মার্চ :: রাজগঞ্জের চার বারের বিধায়ক খগেশ্বর রায়কে ঘিরে জল্পনা অবশেষে স্তিমিত। দলের টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দেওয়ার পর রাজনৈতিক মহলে যখন তার পরবর্তী পদক্ষেপ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছিল,

ঠিক সেই সময়েই পরিস্থিতিতে নাটকীয় মোড়. বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়িতে জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে খগেশ্বর রায় স্পষ্ট জানিয়ে দেন, তিনি তৃণমূল কংগ্রেসেই থাকছেন। সাংবাদিক বৈঠকে খগেশ্বর রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছেন।

তাঁর সঙ্গে কথা বলার পরই সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।” এবার রাজগঞ্জ আসনে স্বপ্না বর্মন প্রার্থী হয়েছেন। খগেশ্বর রায় পুনরায় টিকিট না পাওয়ার পর প্রকাশ্যে অসন্তোষ দেখিয়েছিলেন এবং জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে না থাকার কথাও ঘোষণা করেছিলেন।

এতে রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়, তিনি দলবদল করতে পারেন কিনা। তবে ‘দিদির ফোন’ ঘিরেই সেই জল্পনায় জল পড়ল। দলীয় সূত্রের খবর, নির্বাচনের আগে সংগঠনের ভেতরে ক্ষোভ প্রশমনে শীর্ষ নেতৃত্ব সক্রিয় হয়েছে।

অভিজ্ঞ নেতা হিসেবে খগেশ্বর রায়কে দলে ধরে রাখা তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, খগেশ্বর রায়ের এই অবস্থান বদল রাজগঞ্জের রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার, নির্বাচনের ময়দানে এই নতুন সমীকরণ কতটা প্রভাব ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + thirteen =