ট্রেনে আগুন, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল রেল

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বৃহস্পতিবার ৫ফেব্রুয়ারি :: শিয়ালদহ দক্ষিণ শাখার মগরাহাট স্টেশনে বৃহস্পতিবার দুপুরে এক উদ্বেগজনক ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবার গামী একটি লোকাল ট্রেন স্টেশনে ঢোকার মুখে হঠাৎ ইঞ্জিন বগি থেকে ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা যায়।

মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়ার সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ চোখে পড়তেই যাত্রীদের মধ্যে শুরু হয় চরম উৎকণ্ঠা ও হুড়োহুড়ি। প্রত্যক্ষদর্শী যাত্রীদের বক্তব্য, ট্রেনটি উত্তর রাধানগর স্টেশন পেরোনোর কিছুক্ষণ পর থেকেই ইঞ্জিনের দিক থেকে অস্বাভাবিক ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছিল।

প্রথমে অনেকেই ভেবেছিলেন সামান্য যান্ত্রিক সমস্যা হতে পারে। কিন্তু মগরাহাট স্টেশনের কাছে আসতেই ধোঁয়ার মাত্রা দ্রুত বেড়ে যায় এবং ইঞ্জিনের নীচের অংশে আগুনের আভাস স্পষ্ট হয়।

সঙ্গে সঙ্গে কামরার ভিতরে ছড়িয়ে পড়ে আতঙ্কের আবহ। ট্রেনটি স্টেশনে থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা তড়িঘড়ি নেমে পড়েন। কেউ প্ল্যাটফর্মের দূরের প্রান্তে সরে যান, কেউ বা স্টেশন চত্বর ছেড়ে বাইরে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

মুহূর্তের মধ্যে স্টেশন জুড়ে উত্তেজনা ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও রেল সুরক্ষা বাহিনীর সদস্যরা। রেল কর্মীদের তৎপরতায় ইঞ্জিন বগিতে ধরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =