নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ময়নাগুড়ি :: বুধবার ৪,ফেব্রুয়ারি :: কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছাশক্তির জোরে ডাব্লুবিসিএস পরীক্ষার গ্রুপ ‘এ’ বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকার গর্ব হয়ে উঠলেন রাজবংশী পরিবারের কৃতি সন্তান দৈবনাথ রায়।
তাঁর এই উল্লেখযোগ্য সাফল্যের খবর প্রকাশ্যে আসতেই এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে শুভেচ্ছা ও সংবর্ধনার বন্যা। মঙ্গলবার দৈবনাথ রায়ের বাড়িতে তাঁকে বিশেষভাবে সম্মানিত করতে উপস্থিত হন বিশিষ্ট সমাজসেবী, আইনজীবী ও মানবিক ব্যক্তিত্ব দুলাল রায়।
এদিন তিনি দৈবনাথকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি সংবর্ধনা প্রদান করেন এবং তাঁর হাতে একটি পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা তুলে দেন। সংবর্ধনার এই মুহূর্তকে আরও আনন্দময় করে তুলতে দুলাল রায় পরিবারের সকল সদস্যদের লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করান। পাশাপাশি তিনি যুবসমাজকে আদর্শ পথে এগিয়ে চলার আহ্বান জানান।
বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজবংশী সমাজের মহান পথপ্রদর্শক ঠাকুর পঞ্চানন বর্মা-র কথা উল্লেখ করেন এবং জীবনে সাফল্যের জন্য স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণামূলক বাণী স্মরণ করিয়ে দেন। দৈবনাথ রায়ের এই সাফল্যে পরিবারসহ গোটা এলাকায় খুশির জোয়ার বইছে।
সকলেই তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে তিনি আগামী দিনে আরও বড় উচ্চতায় পৌঁছাবেন।

