নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বনগাঁ :: শনিবার ১৪,মার্চ :: ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন জনসংযোগ কর্মসূচি ‘তপশিলির সংলাপ’ শুরু হয়েছে।
দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিজেপি-শাসিত রাজ্যগুলিতে দলিত ও আদিবাসীদের নিরাপত্তা নিয়ে কলকাতায় পরিসংখ্যান তুলে ধরেছিলেন।
অভিষেক উল্লেখ করেন, বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি, প্রতারণা ও দীর্ঘদিনের বঞ্চনা সত্ত্বেও বাংলার তপশিলি জাতি ও জনজাতি-ভুক্ত মানুষগুলোর জন্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র সরকার যেভাবে উন্নয়ন অব্যাহত রেখেছে, সেকথা সকলের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে ২ মাস ব্যাপী ‘তপশিলির সংলাপ’ কর্মসূচি। দলীয় নেতৃত্বরা এই সুসজ্জিত গাড়িতে পৌঁছে যাবেন বাংলার প্রতিটি প্রান্তে তপশিলি মানুষদের কাছে।
বিধানসভা নির্বাচনের আগে এবার সেই সুসজ্জিত গাড়ি বনগাঁ দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে প্রচার করছে।
শুক্রবার দুপুরে বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলা বাগচি অন্যান্য তৃণমূল নেতৃত্বদের সঙ্গে নিয়ে দলীয় পতাকা নাড়িয়ে ‘তপশিলির সংলাপ’ সুসজ্জিত গাড়ির প্রচার কর্মসূচির শুভ সূচনা করেন।
এই বিধানসভা এলাকার সাধারণ নাগরিকের কাছে তৃণমূলের উন্নয়ন কর্মসূচির পাশাপাশি তপশিলি মানুষদের জন্য রাজ্য সরকার সর্বতোভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তার বার্তা দিতেই গ্রাম বাংলার প্রতিটি অঞ্চলে পৌঁছে যাচ্ছে বলে জানান সকল তৃণমূল নেতৃত্ব।

