নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বুধবার ১,এপ্রিল :: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা থানার অন্তর্গত রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিবের ঘাট এলাকায় এক নাবালিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে
এক বৃদ্ধ দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম কালিশঙ্কর নন্দ (৬৫)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন নাবালিকার মা বাজার থেকে একটি তরমুজসহ অন্যান্য সামগ্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। ভারী ব্যাগ থাকায় তিনি তরমুজটি অভিযুক্তের দোকানে রেখে বাড়ি চলে যান। পরে তিনি নিজের ১২ বছরের মেয়েকে তরমুজটি নিয়ে আসার জন্য দোকানে পাঠান।
অভিযোগ, ওই সময় দোকানে একা পেয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ করেন অভিযুক্ত বৃদ্ধ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা দ্রুত বাড়ি ফিরে আসে এবং পরিবারের সদস্যদের সবকিছু জানায়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ও স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা অভিযুক্ত দোকানদারকে আটক করে এবং পুলিশের হাতে তুলে দেন। পরে নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন-এর ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। যদিও অভিযুক্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

