তামিলনাড়ুতে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনা , কর্মক্ষেত্রে প্রাণ হারাল সাগরের বাসিন্দা

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: রুটি-রুজির টানে ভিন রাজ্যে কাজে গিয়ে আর ফেরা হলোনা দক্ষিণ ২৪ পরগনার সাগরের শক্তিপদ দাসের (৪৫)। তামিলনাড়ুতে কর্মস্থলে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ওই শ্রমিকের।

বৃহস্পতিবার বিকেলে ইট কাটা মেশিনে কাজ করার সময় অসাবধানতাবশত তার দেহটি মেশিনের কবলে চলে আসে। ঘটনাস্থলেই দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয় তার। ​মৃত শক্তিপদ দাস সাগর থানার কমলপুর ২ নম্বর কলোনির বাসিন্দা ।

পরিবার সূত্রে জানা যায়, শক্তিপদ আদতে ঘোড়ামারার বাসিন্দা । কিন্তু নদী ভাঙনের কারণে সেখানে তাদের ভিটেমাটি বিলীন হয়ে যাওয়ায় তারা বাস্তুচ্যুত হয়ে সাগরের কমলপুর ২ নম্বর কলোনিতে এসে বসবাস শুরু করে ।

সেখানে নতুন করে সংসার গুছিয়ে নেওয়ার লড়াই এবং জীবিকার টানেই তামিলনাড়ুতে শ্রমিকের কাজে গিয়েছিল । সেখানে একটি ইট ভাটায় ইট কাটার মেশিনে কর্মরত ছিল। আর সেখানেই কাজ করার সময় আচমকাই ঘটে এই মর্মান্তিক বিপত্তি। সহকর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও লাভ হয়নি।

মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বর্তমানে দেহটি তামিলনাড়ুতেই ময়নাতদন্তের প্রক্রিয়ায় রয়েছে। দেহ গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =