সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ৯,এপ্রিল :: ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড় অঞ্চলের তারদাহ গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচনের আবহে হঠাৎই ছড়াল চরম উত্তেজনা।
প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নির্বাচনী প্রচার ঘিরে সংঘর্ষের ঘটনা এলাকাজুড়ে রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন আরাবুল ইসলাম তাঁর সমর্থকদের নিয়ে তারদাহ এলাকায় ভোট প্রচারে বেরিয়েছিলেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে কনভয় এগোচ্ছিল। অভিযোগ, সেই সময় আচমকাই একদল দুষ্কৃতী তাঁর প্রচারের গাড়িগুলির উপর হামলা চালায়।
গাড়িতে ভাঙচুর করা হয়, কাচ ভেঙে দেওয়া হয় এবং কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগও উঠেছে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।
আরাবুলের অনুগামীদের দাবি, এই হামলা সম্পূর্ণ পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরাই এই হামলার সঙ্গে জড়িত।
ভোটের আগে বিরোধীদের ভয় দেখাতেই এই ধরনের আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এলাকার মানুষ আরাবুল ইসলামকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। রাজনৈতিক রং দেওয়া হচ্ছে।

