নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শুক্রবার ২০,মার্চ :: শুক্রবার দলের নির্বাচনি ইস্তাহার প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
‘দুয়ারে সরকার’-এর বিপুল সাফল্যের পর এবার মমতার নতুন অঙ্গীকার— ‘দুয়ারে চিকিৎসা’ । প্রতিটি ব্লকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে উন্নত স্বাস্থ্য পরিষেবা।
ইস্তাহার প্রকাশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তৃণমূল যা বলে, তা করে দেখায়। তাঁর সরকারের অন্যতম বড় সাফল্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প যা আজীবন চলবে, সেই নিশ্চয়তাও তিনি এদিন পুনর্ব্যক্ত করেন।
বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা বার্ষিক ১৮ হাজার এবং তপশিলি জাতি-উপজাতিভুক্ত মহিলারা ২০,৪০০ টাকা করে পাচ্ছেন।
যুবসমাজের জন্য বিশেষ বার্তার পাশাপাশি কর্মসংস্থানের খতিয়ানও তুলে ধরেন মমতা। তিনি ঘোষণা করেন, প্রায় ১ কোটি যুবককে ভাতা দেওয়া হচ্ছে এবং মেধাশ্রী-যুবশ্রীর মতো প্রকল্পগুলি অব্যাহত থাকবে। পড়ুয়ারা চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা পাবেন।
কেন্দ্রকে নিশানা করে তিনি দাবি করেন, দেশে বেকারত্ব যখন ৪০ শতাংশ বেড়েছে, তখন বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। গত কয়েক বছরে ২ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলেও তিনি জানান।
দারিদ্র্য দূরীকরণ এবং শিল্পায়নের ক্ষেত্রেও একগুচ্ছ ‘প্রতিজ্ঞা’ করেছেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষকে দারিদ্র্যসীমার উপরে নিয়ে আসা হয়েছে।
শিল্পের ক্ষেত্রে দেউচা-পাচামি কয়লা খনি প্রকল্প থেকে শুরু করে জঙ্গলসুন্দরী কর্মনগরী এবং রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা উল্লেখ করেন তিনি।
তাঁর দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আগামী ১০০ বছর বাংলায় বিদ্যুতের সমস্যা হবে না এবং বিদ্যুতের দামও কমবে। কৃষিজীবী ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বাজার ও বাণিজ্যের নতুন দিশা দেখানোর অঙ্গীকার নিয়ে মমতা বুঝিয়ে দিলেন, ‘প্রতিজ্ঞা’ই হতে চলেছে তাঁর জয়ের মূল চাবিকাঠি।
সংবাদ ও তথ্য সুত্র :: সৌজন্য উত্তরবঙ্গ সংবাদ

