দুর্গাপুর ও পাণ্ডবেশ্বরে ইডির অভিযান, বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে তল্লাশি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: দুর্গাপুরে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকায় বালি ব্যবসায়ী প্রবীর দত্তের বাড়িতে আজ সকাল থেকে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।

একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতেও ইডির পক্ষ থেকে সমান্তরালভাবে অভিযান চলছে। সূত্রের খবর, সংশ্লিষ্ট বাড়িগুলিতে ঢুকে ইডির আধিকারিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন।

অভিযানের সময় নিরাপত্তার কথা মাথায় রেখে বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ইডির এই তল্লাশির জেরে সেপকো টাউনশিপ ও পাণ্ডবেশ্বর—দু’টি এলাকাতেই ব্যাপক উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

কী কারণে এই অভিযান এবং তদন্তের পরিধি কতদূর পর্যন্ত বিস্তৃত, সে বিষয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বালি ব্যবসা সংক্রান্ত আর্থিক অনিয়ম ও অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =