দেওয়াল লিখতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, হাসপাতালে ছুটে গেলেন প্রার্থী ডঃ রাজেশ কুমার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: মঙ্গলবার ৭,এপ্রিল :: দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল এলাকা। দেওয়াল লিখনের সময় আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী—এমনই অভিযোগ উঠেছে ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে।

বিজেপি সূত্রে জানা যায়, বিজেপি কর্মী সুরজ সাউ সহ কয়েকজন কর্মী নির্বাচনী দেওয়াল লিখনের কাজ করছিলেন।

সেই সময় হঠাৎই কিছু দুষ্কৃতী এসে তাদের ঘিরে ফেলে এবং সুরজ সাউকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, প্রাক্তন পুলিশ কর্তা ডঃ রাজেশ কুমার। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপি কর্মীরাও। হাসপাতালে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন,

“এর আগেও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কাজ করতে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি আমি ব্যক্তিগতভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালকে জানিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি।”

বিজেপির দাবি, পরিকল্পিতভাবে তাদের প্রচার কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আহত কর্মীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + fourteen =