ধূপগুড়িতে ট্রাফিক বুথে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ৬,মার্চ :: ধূপগুড়ি শহরের পৌর বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ট্রাফিক গার্ডের একটি অ্যাসিস্ট্যান্ট বুথের ভেতর থেকে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করা হয়।

ধূপগুড়ি থানা সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত্যু সঠিক কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং এলাকায় পুরনো প্লাস্টিক কুড়োনোর কাজ করতেন। রাতে তিনি ওই পরিত্যক্ত ট্রাফিক বুথটিতেই আশ্রয় নিতেন।

এদিন সকালে স্থানীয় বাসিন্দারা বুথের ভেতরে ওই ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের খবর দেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =