নদী পেরিয়ে ব্রিগেডের পথে সুন্দরবন, মোদির সভা ঘিরে উচ্ছ্বাস চরমে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: শনিবার ১৪,মার্চ :: শনিবার দুপুরে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে-এ জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই জনসভাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা এবং কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ কার্যত আকাশছোঁয়া।

শনিবার সকাল থেকেই সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রত্যেকের লক্ষ্য একটাই—ব্রিগেডে পৌঁছে প্রধানমন্ত্রীর সভায় অংশগ্রহণ করা এবং দলের শক্তি প্রদর্শন করা।

সুন্দরবনের বিস্তীর্ণ দ্বীপাঞ্চল যেমন কাকদ্বীপ ,গোসাবা ,নামখানা পাথরপ্রতিমা ,বকখালি, সহ বিভিন্ন এলাকা থেকে ভোর হতেই কর্মী-সমর্থকেরা নদীপথে যাত্রা শুরু করেছেন।

অনেকেই নৌকায় করে নদী পেরিয়ে মূল ভূখণ্ডে এসে সেখান থেকে বাস, ট্রেকার এবং অন্যান্য যানবাহনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

দ্বীপাঞ্চলের বহু মানুষ দলবদ্ধভাবে যাত্রা করছেন, ফলে ঘাটগুলিতেও সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। অন্যদিকে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে অনেক কর্মী-সমর্থক সড়কপথ এবং রেলপথ ব্যবহার করেও কলকাতার দিকে যাত্রা করছেন।

বিভিন্ন স্টেশন ও বাসস্ট্যান্ডে সকাল থেকেই বিজেপি সমর্থকদের ভিড় দেখা গেছে। দলীয় পতাকা, ব্যানার এবং স্লোগানে মুখর হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। অনেকের মতে, এই সভা ঘিরে যে উৎসাহ দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক সময়ে খুব কমই দেখা গেছে।

এই প্রসঙ্গে মথুরাপুর বিজেপি সাংগঠনিক জেলার নেতা অরুনাভ জানান, রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে যে “পরিবর্তন রথযাত্রা” শুরু করা হয়েছিল, তার সমাপ্তি ঘটবে আজ ব্রিগেডের ময়দানে।

তিনি বলেন, এই সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর বক্তব্য শোনার জন্যই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকেরা ব্রিগেডে আসছেন।

অরুনাভ দাস আরও দাবি করেন, ব্রিগেডের এই সভায় রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে। তাঁর মতে, এত বড় জনসমাবেশ এর আগে খুব কমই দেখা গেছে। এই সভার মধ্য দিয়েই পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তনের বার্তা আরও জোরালোভাবে সামনে আসবে বলেও তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =