নলহাটিতে জনসভা করে বড় লিডের দাবি অনুব্রত মণ্ডলের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: সোমবার ২,মার্চ :: আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নলহাটিতে এক জনসভায় অংশ নিলেন অনুব্রত মণ্ডল। নলহাটির হরিপ্রসাদ হাইস্কুলের মাঠে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন দলের কর্মী-সমর্থকরা।

সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল নয়াহাটেশ্বরী মন্দির ও স্থানীয় মাজার শরীফকে সাক্ষী রেখে দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে নলহাটি কেন্দ্র থেকে তাঁর দল ৫০ থেকে ৫৫ হাজার ভোটে লিড পাবে। তিনি বলেন, এলাকার মানুষ উন্নয়নের পক্ষে এবং বিরোধীদের বিভ্রান্তিমূলক রাজনীতিকে প্রত্যাখ্যান করবেন।

এদিন তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, এসআইআর (SIR) ইস্যু নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হয়েছে।

তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত এই প্রক্রিয়াকে হাতিয়ার করে সাধারণ নাগরিকদের চাপে রাখা হয়েছে। তবে এর উপযুক্ত জবাব আগামী বিধানসভা নির্বাচনে জনগণই দেবে বলে দাবি করেন তিনি।

সভায় দলীয় কর্মীদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান অনুব্রত মণ্ডল। তাঁর বক্তব্য ঘিরে নলহাটি রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =