নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাটোয়া :: শুক্রবার ২৭,মার্চ :: ফের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বল্লভপাড়া ফেরিঘাটে বড়সড় দুর্ঘটনা। নৌকা থেকে পড়ে গিয়ে গঙ্গায় নিখোঁজ একাদশ শ্রেণির এক ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়, বন্ধ হয়ে যায় ফেরি পরিষেবা।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে ফের একবার চাঞ্চল্যকর ঘটনা। ভাগীরথী নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় এক স্কুল পড়ুয়া। নিখোঁজ ছাত্রের নাম আকাশ সাহা, বল্লভ পাড়ার বাসিন্দা, কাটোয়া ভারতী ভবন বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, কাটোয়া থেকে নদীয়ার বল্লভপাড়ায় যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন আকাশ। হঠাৎই অসাবধানতাবশত গঙ্গায় পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘক্ষণ জলে ভাসতে থাকলেও
নৌকায় থাকা মাঝিরা তাকে বাঁচানোর জন্য কোনো প্রচেষ্টাই করেনি। যদিও লাইফ জ্যাকেট ছুঁড়ে দেওয়া হয়, কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।
এরপর গঙ্গার পাড়ে থাকা কয়েকজন যুবক ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে খুঁজে পাওয়া যায়নি এবং নিখোঁজ হয়ে যায় আকাশ।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ফেরিঘাটে বিক্ষোভ শুরু হয় এবং দীর্ঘ সময়ের জন্য ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাটোয়া থানার আইসির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফেরি চলাচল স্বাভাবিক করে।

