“পথশ্রী প্রকল্পে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ! ঢালাইয়ে ফাটল, ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভে বন্ধ রাস্তার কাজ”

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ১১,এপ্রিল :: গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘পথশ্রী-৪’ প্রকল্পকে ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোটি টাকার এই সরকারি রাস্তা নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে রাস্তার কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু শাহুর বাড়ি পর্যন্ত প্রায় ২,২৯০ মিটার দীর্ঘ ঢালাই রাস্তা নির্মাণের কাজ শুরু হয় ‘পথশ্রী-৪’ প্রকল্পের অধীনে।

এই কাজের জন্য সরকারিভাবে বরাদ্দ হয়েছে প্রায় ১ কোটি ৩৪ লক্ষ ৩৮ হাজার ৮৯৯ টাকা। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ এই রাস্তার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কাজ শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসতে থাকে।

অভিযোগ, রাস্তার ঢালাই করার মাত্র ৫ থেকে ৭ ঘণ্টার মধ্যেই বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা দিতে শুরু করে। এত অল্প সময়ের মধ্যে নতুন তৈরি রাস্তায় ফাটল ধরায় স্বাভাবিকভাবেই সন্দেহ দানা বাঁধে গ্রামবাসীদের মনে। তাঁরা অভিযোগ করেন, শুরু থেকেই কাজের গুণমান নিয়ে ব্যাপক গাফিলতি করা হচ্ছে।

গ্রামবাসীদের দাবি, সরকারি নির্দেশিকা বা সিডিউল অনুযায়ী রাস্তার পুরুত্ব যেখানে ৬ ইঞ্চি হওয়ার কথা, সেখানে বাস্তবে মাত্র ৪ ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এর ফলে রাস্তার স্থায়িত্ব ও গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।

পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট না দিয়ে বালি ও খোয়ার পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি এলাকাবাসীদের।

স্থানীয়দের কথায়, “এই রাস্তার জন্য আমরা বহুদিন ধরে অপেক্ষা করেছি। কিন্তু এখন যে কাজ হচ্ছে, তা একেবারেই নিম্নমানের। কয়েক ঘণ্টার মধ্যেই যদি রাস্তা ফেটে যায়, তাহলে ভবিষ্যতে এর অবস্থা কী হবে তা সহজেই অনুমান করা যায়।”

এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, রাস্তার পুরুত্ব কমিয়ে দিয়ে এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করে সরকারি অর্থ তছরুপ করা হচ্ছে। কোটি টাকার প্রকল্পে এই ধরনের দুর্নীতি তাঁরা কোনও ভাবেই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় গ্রামবাসীরা জোটবদ্ধ হয়ে সরাসরি কাজ বন্ধ করে দেন। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সঠিক মান বজায় রেখে, সরকারি নিয়ম মেনে নতুন করে কাজ শুরু করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনওভাবেই এই কাজ চলতে দেওয়া হবে না।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামবাসীরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের মতে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 6 =