সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: মঙ্গলবার ২৪,মার্চ :: বঙ্গে বিধানসভা নির্বাচনের আবহ ক্রমশ চড়ছে, আর সেই আবহেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে জোরকদমে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবারের এই জনসভা কার্যত রাজনৈতিক লড়াইয়ের সুর আরও চড়িয়ে দিল। একদিকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ, অন্যদিকে উন্নয়নের খতিয়ান ও ভবিষ্যৎ প্রতিশ্রুতির সমন্বয়ে বক্তব্য রাখেন তিনি।
সভামঞ্চ থেকে তীব্র ও বিতর্কিত ভাষায় বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, “পদ্মফুলে ছাপ দিলে বাড়িতে ঢুকবে কেউটে সাপ।” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
তাঁর এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চান, বিজেপিকে ভোট দিলে সাধারণ মানুষের জীবনে বিপদের আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, বাংলার মানুষকে ভয় দেখিয়ে বা প্রলোভন দেখিয়ে ভোট নেওয়া যাবে না।
এদিন পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের জন্য স্পষ্ট টার্গেট বেঁধে দেন অভিষেক। তিনি জানান, এবার অন্তত ৪০ হাজার ভোটের ব্যবধানে জিততে হবে তৃণমূলকে।
গত নির্বাচনে যেখানে প্রায় ২২ হাজার ভোটে জয় এসেছিল, সেখানে দ্বিগুণ ব্যবধানের লক্ষ্য স্থির করে তিনি কর্মী-সমর্থকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। একইসঙ্গে বিজেপিকে ৫০ হাজার ভোটের মধ্যে আটকে রাখার আহ্বান জানান।

