নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রসুলপুর :: শনিবার ১৪,ফেব্রুয়ারি :: বর্ধমান স্টেশনে টিটির কাছে হেনস্থার শিকার। যার জেরে পরীক্ষা দিতে না পারায় আত্মঘাতী। এমনটাই অভিযোগ পরিবারের।
পূর্ব বর্ধমানের রসুলপুরের মাঠপাড়া এলাকার কলেজ পড়ুয়া জয়শ্রী সরকার। বর্ধমান ওমেন্স কলেজের ইতিহাস অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার কলেজে তার পরীক্ষা ছিল।
পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে বের হয় কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু বর্ধমান স্টেশনে নামলে তার টিকিট না থাকায় টিটি তাকে আটকায়।
টিকিট না থাকার জন্য জরিমানাও করে। আর এরপরেই টিটি তাকে হেনস্তা করে বলে অভিযোগ। বারবার অনুরোধ করলেও পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য তাকে ছাড় দেওয়া হয়নি। এই ঘটনার জেরে স্টেশনেই অনেকটা সময় কেটে যায়। স্বাভাবিকভাবেই তার পক্ষে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো সম্ভব হয়নি।
জানা যায় এরপর বর্ধমান স্টেশন থেকেই পরীক্ষা কেন্দ্রে না গিয়ে বাড়ি ফিরে আসে। সে সময় বাড়িতে কেউ ছিল না । মানসিক অবসাদে নিজের ঘরেই গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। বাবা জয়দেব সরকার বাড়ি এসে মেয়েকে দেখেন ঝুলন্ত অবস্থায় ।
তখনই তাকে নামিয়ে মেমারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার সহ এলাকার বাসিন্দারা সেই সময় যে টিটি তাকে হেনস্থা করেছে তার উপযুক্ত শাস্তির দাবী জানিয়েছে।

