নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শনিবার ১১,এপ্রিল :: নির্বাচনী প্রচার ঘিরে উত্তেজনা ছড়াল ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের পূর্ব দেওগাঁও ১৩/৭৫ নম্বর পার্ট এলাকায়।
শুক্রবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী দীপক বর্মনের প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন এলাকায় প্রচারে যান দীপক বর্মন। সেই সময় বিজেপি কর্মী-সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের জবাবে অপর পক্ষের তরফে ‘জয় বাংলা’ স্লোগান ওঠে। এর জেরে প্রথমে বাকবিতণ্ডা, পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কি শুরু হয়।
বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা পিছন থেকে হামলা চালায়। ঘটনায় বিজেপির বুথ সভাপতি রাখাল দাস মাথা ফেটে যায়। পাশাপাশি ২ নম্বর মণ্ডলের ৩ নম্বর শক্তিকেন্দ্রের প্রমুখ বিমল বর্মনও আহত হন।
বিমল বর্মনের দাবি, অনুমতি নিয়েই প্রচারে গিয়েছিলেন তাঁরা, কিন্তু আচমকা হামলায় আহত হন কয়েকজন। ঘটনার প্রতিবাদে কিছু সময় ধর্নাতেও বসেন বিজেপি কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং এলাকা খালি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় এক জনকে আটক করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
দীপক বর্মনের দাবি, “আমি প্রচারে যাচ্ছিলাম। সেই সময় আচমকা পিছন থেকে ৩০-৩৫ জনের একটি দল এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। প্রথমে মনে হয়েছিল তৃণমূলের কর্মীরা এসেছে। কিন্তু পরে দেখি তারা ‘আল্লাহু আকবর’ স্লোগানও দিচ্ছে, যা আমাকে বিস্মিত করে।”(সংবাদ প্রবাহ ভিডিওর সত্যতা যাচাই করেনি )
তিনি আরও বলেন, “তারা আমাদের উদ্দেশ্যে কটূক্তিও করে, বিজেপিকে লক্ষ্য করে নানা মন্তব্য ছোড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আমাদের বুথ সভাপতি রাখাল দাসের মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।”
দীপক বর্মনের বক্তব্য, “এই ঘটনার পর আমরা থানায় এসে অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত।” অন্যদিকে তৃণমূল প্রার্থী সুভাষচন্দ্র রায় বলেন, “সামান্য ঘটনাকে বড় করে দেখা ঠিক নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা উচিত ছিল।”

