নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বুদ্বুদ :: মঙ্গলবার ৩,ফেব্রুয়ারি :: মঙ্গলবার সকাল হতেই পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চাঞ্চল্য ছড়াল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানে।
বুদবুদ থানার নবনিযুক্ত ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এদিন সকাল থেকে টানা তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা।
উল্লেখযোগ্য বিষয়, এখনও পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বুদবুদ থানার দায়িত্বভার গ্রহণ করেননি। তার আগেই এই হাই-ভোল্টেজ অভিযানে গোটা জেলায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সূত্রের খবর, সকাল থেকেই ইডির একটি দল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ঢুকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন।
অভিযানের সময় নিরাপত্তার স্বার্থে বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। উল্লেখ্য, কয়েক মাস আগে মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছিল। পরে তাঁকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে দায়িত্ব দেওয়া হয়।
সেখান থেকেই সম্প্রতি তাঁকে বুদবুদ থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়। তবে দায়িত্ব গ্রহণের আগেই ইডির এই অভিযানে নতুন করে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।
শুধু মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই নয়, একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে কয়লা ও বালি ব্যবসার সঙ্গে যুক্ত একাধিক ব্যবসায়ীর বাড়িতেও ইডির পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
জেলার একাধিক এলাকায় একযোগে চলা এই তল্লাশি অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। এই অভিযানের প্রকৃত কারণ এবং তদন্তের পরিধি নিয়ে এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তবে কয়লা ও বালি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

