পিরখালির জঙ্গলে হঠাৎ ‘রাজা’র আবির্ভাব, পর্যটকদের ক্যামেরায় বন্দি রয়েল বেঙ্গল টাইগার

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গোসাবা :: বুধবার ১,এপ্রিল :: গোসাবা এলাকার অন্তর্গত সুন্দরবন আবারও পর্যটকদের সামনে তুলে ধরল তার অদ্ভুত রহস্যময় সৌন্দর্য। সুন্দরবনের পিরখালি ছয় নম্বর জঙ্গলে দেখা মিলল এক বিশাল রয়েল বেঙ্গল টাইগার-এর। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ থেকে আসা মোট ১৬ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে বেরিয়েছিলেন। ‘এমবি প্রিয়াংশু’ নামের একটি লঞ্চে করে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করেন। ভ্রমণের মূল আকর্ষণ ছিল সুন্দরবনের জীববৈচিত্র্য কাছ থেকে দেখা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

কিন্তু সেই ভ্রমণই হঠাৎ করে আরও রোমাঞ্চকর হয়ে ওঠে, যখন পিরখালি জঙ্গলের ভেতরে আচমকাই দেখা মেলে একটি রয়েল বেঙ্গল টাইগারের।

পর্যটকদের মধ্যে তখন উত্তেজনা চরমে পৌঁছে যায়। অনেকে প্রথমবারের মতো বাঘ দেখলেন, আবার কেউ কেউ আগেও দেখলেও এমন কাছ থেকে দেখার অভিজ্ঞতা খুবই বিরল।

মুহূর্তের মধ্যে মোবাইল ও ক্যামেরা বের করে সেই দৃশ্য বন্দি করতে শুরু করেন পর্যটকেরা। নিরাপদ দূরত্ব বজায় রেখে তারা এই বিরল মুহূর্ত উপভোগ করেন।

এই বিষয়ে লঞ্চের মালিক প্রসেনজিৎ মন্ডল জানান, “আমরা প্রায়ই পর্যটকদের নিয়ে সুন্দরবনে ভ্রমণে যাই। তবে প্রতিবারই এমন অভিজ্ঞতা পাওয়া যায় না।

পিরখালি জঙ্গলে হঠাৎই বাঘটি চোখে পড়ে। পর্যটকেরা খুব খুশি হন এবং সেই মুহূর্ত ক্যামেরায় ধরে রাখেন। এর আগেও কয়েকবার আমরা রয়েল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছি, তবে প্রতিবারই সেই অনুভূতি আলাদা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =