নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ৩,জুন :: পূর্ব বর্ধমানের কালনা শহরের ঘটকপাড়া এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ-এর বাড়িতে তাঁকে সঙ্গে নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত পর্যন্ত চলা এই তল্লাশিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে দেবপ্রসাদ বাগকে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন তদন্তকারীরা। বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানোর পাশাপাশি বিশেষ নজর দেওয়া হয়েছে বাড়ির ভিতরে থাকা একটি আন্ডারগ্রাউন্ড ঘরের উপর।
তদন্তকারী সংস্থার অনুমান, ওই ঘরে গুরুত্বপূর্ণ নথি বা অন্যান্য সামগ্রী লুকিয়ে রাখা থাকতে পারে। সেই কারণেই ওই অংশে বিস্তারিতভাবে তল্লাশি চালানো হচ্ছে। প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া নথিগুলি বর্তমানে খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে সেগুলির সঙ্গে চলমান তদন্তের কোনও যোগ রয়েছে কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তল্লাশি চলাকালীন আরও কিছু সামগ্রী বা নথি উদ্ধার হতে পারে বলেও মনে করা হচ্ছে। পুরো তল্লাশি অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাড়ির চারপাশে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল বাহিনী। বাড়ির সামনে ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। দেবপ্রসাদ বাগ বাড়িতে পৌঁছনোর পর তাঁকে লক্ষ্য করে উপস্থিত জনতার একাংশ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করে।
এর ফলে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হলেও নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
উল্লেখযোগ্য বিষয় হল, মঙ্গলবার দুপুরে যেমন তিনি কোনও প্রতিক্রিয়া দেননি, তেমনই রাতেও সম্পূর্ণ নীরব ছিলেন দেবপ্রসাদ বাগ। জনতার স্লোগান বা সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তর তাঁকে দিতে দেখা যায়নি।
তদন্তকারী সংস্থার এই তল্লাশি অভিযান থেকে নতুন কোনও তথ্য বা প্রমাণ সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের। পুলিশের তল্লাশি এখনও চলমান রয়েছে বলে জানা গিয়েছে।

